কর্মস্থলে শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ শ্রম প্রতিমন্ত্রীর

ইত্তেফাক রিপোর্ট

বিশ্ব জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বাংলাদেশে শীত বাড়তে শুরু করলে করোনার প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্মস্থলে শ্রমিকদের আরো সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ লক্ষ্যে কর্মস্থলে শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ দিয়ে তিনি বলেন, করোনা মোকাবিলার প্রধান হাতিয়ার হচ্ছে মাস্ক। এটি বাধ্যতামূলক করতে হবে। এক্ষেত্রে কারখানা মালিক ও শ্রমিক নেতাদের ভূমিকা রাখতে হবে। গত রবিবার গাজীপুরে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভাকক্ষে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্থানীয় শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।