করোনা ভাইরাস প্রতিরোধে আশা জাগাচ্ছে মডার্নার টিকা। কোভিড-১৯-এর ভ্যাকসিন ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। ফাইজার অ্যান্ড বায়োএনটেকের পরেই প্রতিষ্ঠানটি গতকাল সোমবার এ তথ্য জানায়।
মডার্না যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভ্যাকসিন, যা করোনা প্রতিরোধে ব্যাপক কার্যকরী বলে দাবি করছে। ভ্যাকসিনটি নিয়ে আরো গবেষণায় নতুন কোনো তথ্য পেলে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে অনুমোদন চাইবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী বছর যুক্তরাষ্ট্র এই দুই প্রতিষ্ঠান থেকে অন্তত ১০০ কোটি ডোজের চেয়ে বেশি টিকা পেতে পারে। মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হগ টেলিফোন সাক্ষাত্কারে বলেন, ‘আমরা এমন একটি ভ্যাকসিন পেতে যাচ্ছি, যেটি কোভিড-১৯ থামিয়ে দিতে পারে।’ কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতাকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বর্ণনা করে বিবৃতিতে দিয়েছেন মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল। টিকার তৃতীয় ধাপের পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তাদের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন এবং তারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন। ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯৪.৫ শতাংশ কার্যকর। তবে মডার্নার এই টিকা নেওয়ার পর কতদিন কার্যকারিতা থাকবে—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে ক্যানডিটেড ভ্যাকসিন যা ৯০ শতাংশের বেশি মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে পেরেছে বলে প্রাথমিক এক গবেষণায় জানায় বায়োএনটেক অ্যান্ড ফাইজার। উত্পাদনকারী প্রতিষ্ঠান ফাইজার অ্যান্ড বায়োএনটেক একে বিজ্ঞান এবং মানবতার জন্য মহিদন বলে অভিহিত করেছে। ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ক্যানডিটেড ভ্যাকসিনটি ৪৩ হাজার ৫০০ মানুষের শরীরে পরীক্ষা করা হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ মাসের শেষের দিকে জরুরি অনুমোদনের জন্য আবেদন জানাবে সংশ্লিষ্টরা। কার্যকর একটি ভ্যাকসিনকে ভালো চিকিত্সার পাশাপাশি সংক্রমণ থেকে রক্ষায় আরোপ করা বিধিনিষেধ থেকে মুক্তি পাওয়ার প্রধান একটি উপায় হিসেবে দেখা হচ্ছে। এরপরই স্পুটনিক-৫ ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকরের দাবি করে রাশিয়া।