কৃষিমেলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে উত্সাহিত ও সচেতন করা --------- আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, কৃষিতে শুধু ধান চাষনির্ভর হলে চলবে না। আমাদের দরকার শস্যের বহুমুখিতা। ১৯৭৪ সালের দুঃসময়ের পর মানুষ যার যার চাষ নিজের করতে হবে—এই ধারণা নিয়ে কৃষিকাজে ঝাঁপিয়ে পড়ায় দেশ আজ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, খাদ্য উদ্বৃত্ত হয়েছে। আমরা আমদানি-নির্ভরতা কাটিয়ে উঠেছি। এক্ষেত্রে ঢাকার অদূরে গাজীপুরে যে ধান গবেষণা কেন্দ্র রয়েছে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। অথচ যখন এই প্রতিষ্ঠানটি হয় তখন অনেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জেলা-উপজেলা পর্যায়ে কৃষিপ্রযুক্তি মেলা আয়োজিত হয় তার উদ্দেশ্য, হচ্ছে মানুষকে উত্সাহিত করা, সচেতন করা। আমাদের প্রধানমন্ত্রীও মানুষকে সচেতন করার কাজটিও করে যাচ্ছেন।    

তিনি গতকাল সোমবার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, এলাকাবাসী শৃঙ্খলার সঙ্গে ঐক্যবদ্ধ থাকলে সেখানে মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত হয়। দক্ষিণাঞ্চলের ইন্দুরকানী উপজেলা অতীতকাল থেকেই অবহেলিত ছিল। এখানকার মানুষ প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, সুপেয় পানির অভাব, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, যোগাযোগ ক্ষেত্রে পশ্চাত্পদতা ইত্যাদি প্রতিকূলতা মোকাবিলা করে জীবন যাপন করে আসছিল, যা গত সাত-আট বছরে বহুলাংশে নিরসন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং এক্ষেত্রে প্রণিধানযোগ্য পরিবর্তন সাধনেও সক্ষম হয়েছি। এই সময়কালে এখানকার মানুষ একতাবদ্ধ ও আইনশৃঙ্খলা রক্ষায় যথেষ্ট সক্রিয় ছিল।

তিনি গতকাল সোমবার রাতে ইন্দুরকানী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী কৃষিপ্রযুুক্তি মেলার শুভ উদ্বোধন করেন এবং প্রধান অথিতির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান অ্যাডভোকেট, পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ উপপরিচালক চিন্ময় রায়, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ,  ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা প্রমুখ ।

তিনি গতকাল সোমবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির তালুকদার স্বপন, সদস্যসচিব মো. শাহীন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম দোদুল, যুগ্ম সদস্যসচিব হারুন-অর-রশীদ পান্না, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও তিনি উপজেলা পরিষদ সভাকক্ষে ইন্দুরকানী উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী অফিসার মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এখানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান অ্যাডভোকেট। গতকাল সোমবার আনোয়ার হোসেন মঞ্জু এমপির  ইন্দুরকানী উপজেলা সফরকালে মধ্য ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ, পাড়েরহাট ইউনিয়নের লক্ষ্মীদিয়া প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ, বাড়ৈখালী এজিএস মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ ও পাড়েরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন ও দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া তিনি পাড়েরহাট ইউনিয়নের রাজলক্ষ্মী স্কুল ও কলেজের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। পাড়েরহাট ইউপি-পত্তাশী ইউপি ভায়া ওয়াপদা হাট সড়কের রক্ষণাবেক্ষণ কাজ, লক্ষ্মীদিয়া-বাড়ৈখালী ভায়া হেমায়েত চেয়ারম্যানের বাড়ি সড়কের রক্ষণাবেক্ষণ কাজ এবং পাড়েরহাট সওজ সড়ক টু পাড়েরহাট জিসি সড়কের রক্ষণাবেক্ষণ কাজেরও পৃথকভাবে শুভ উদ্বোধন ও দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া তিনি ইন্দুরকানী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

আনোয়ার হোসেন মঞ্জুর ইন্দুরকানী উপজেলা সফরকালে তার সঙ্গে ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।