আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে।
গতকাল সোমবার বিকালে সদ্য প্রয়াত নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মফিজ উল্লা বিকম স্মরণে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণসভায় যুক্ত হন।
বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্লজ্জভাবে বলে বেড়ায় যে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। তিনি বলেন, দেশের মানুষ জানে এদেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি।
গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাস তার প্রমাণ। দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব, অপপ্রচার আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ জেলার নেতৃবৃন্দ।