পাকা রাস্তাকে কাঁচা দেখিয়ে ফের পাকাকরণ

নওগাঁর বদলগাছীতে পাকা রাস্তাকে কাঁচা দেখিয়ে সেই রাস্তা পুনরায় নামমাত্র পাকা করে টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদের সেপ্টেম্বর মাসের মাসিক সভার কার্যবিবরণী অনুযায়ী, সড়ক জনপথ রাস্তা হতে উপজেলা কৃষি অফিস পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণ এবং উপজেলার নন-গেজেটেড কোয়ার্টার চ-১-এর বাথরুম ও টয়লেটের নতুন দরজা স্থাপন কাজ বাস্তবায়নে গত ১৩ আগস্ট সিদ্ধান্ত গৃহীত হয়। এই কাজ বাস্তবায়নে ২ লাখ টাকার প্রাক্কলন প্রস্তুত করে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর। সেটি উপজেলা রাজস্ব তহবিল হতে প্রকল্প কমিটির মাধ্যমে করা যেতে পারে মর্মে উপজেলা কৃষি অফিসারকে প্রকল্পের সভাপতি করে পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়।

জানা যায়, উপজেলার নন-গেজেটেড কোয়ার্টার চ-১-এর বাথরুম ও টয়লেটের দরজা বাবদ বরাদ্দ ধরা হয় ১১ হাজার ৭৫৯ টাকা। আর সড়ক জনপথের রাস্তা থেকে উপজেলা কৃষি অফিস পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণ বাবদ বরাদ্দ ধরা হয় ১ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা।

এ বিষয়ে প্রকল্পের সভাপতি উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, আমাকে প্রকল্পের নামমাত্র সভাপতি করা হয়েছে। এই প্রকল্পের কাজটি করেছেন উপজেলা প্রকৌশলী নিজেই। এই রাস্তাটি তো আগে থেকে ইট সোলিং ছিল। তাহলে এই রাস্তাটিকে কাঁচা রাস্তা দেখিয়ে পাকা রাস্তা নির্মাণের জন্য কেন প্রকল্প নেওয়া হলো প্রশ্ন করলে তিনি বলেন, এই কাজটিও উপজেলা প্রকৌশলী নিজেই করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক আমজাদ হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি কোনো কাজ করিনি বা বিলে স্বাক্ষর নেইনি। ঐ প্রকল্পের সভাপতি কৃষি অফিসার নিজেই কাজটি করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, কাজ সঠিকভাবেই হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির বলেন, বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।