পাকিস্তানে মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা ইমরানের

পাকিস্তানের গিলগিত বালতিস্তান প্রদেশে নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করায় মিছিল ও গণ জমায়েত নিষিদ্ধ হয়েছে। গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়ক একটি নির্দেশনা জারি করেছেন। 

জি নিউজের বরাতে জানা যায়, করোনা ভাইরাসের মহামারি মোকাবেলা কমিটি ন্যাশনাল কোর্ডিনেশন কমিটির (এনসিসি) বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান ইমরান। তিনি বলেন, পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই একই অবস্থা। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভাইরাসটি পুনরায় তাণ্ডব শুরু করেছে। পাকিস্তানে সেরকম পরিস্থিতি সৃষ্টি হতে দেয়া যাবে না। এর আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে।

গিলগিত বালতিস্তানে গত রোববার ভোত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের দাবী, ইমরান খানের সমর্থিত ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনে কারচুপি করে জিতেছে। এরপর ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে তারা। পরে মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করার ঘোষণা দেন ইমরান।

ইত্তেফাক/টিআর