এক সপ্তাহের মধ্যে পেরুতে তৃতীয় প্রেসিডেন্ট

পেরুতে এক সপ্তাহের মধ্যে তৃতীয় রাষ্ট্রপ্রধান দায়িত্ব গ্রহণ করেছেন। দেশটিতে নতুন একজন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করেছে পেরুর কংগ্রেস। অন্তর্বর্তীকালীন এ সরকারের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন কংগ্রেস সদস্য ফ্রানসিসকো সাগাস্তি। খবর আল জাজিরা।

জানা যায়, ২০২১ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটিকে নেতৃত্ব দেবেন ৭৬ বছর বয়সী এই প্রকৌশলী। সাগাস্তি প্রকৌশলী হলেও একজন গবেষক ও লেখক হিসেবে পেরুতে বেশ সুখ্যাতি আছে। এছাড়া বিশ্ব ব্যাংকের কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

গত শনিবার বিক্ষোভের জেরে পদত্যাগ করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। কংগ্রেসের এই সাবেক স্পিকার দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এরপর দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসনের মুখে পড়ে গতকাল সোমবার প্রেসিডেন্টের পদ হারান ভিজকারা। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

তবে পার্লামেন্টে ক্যু ঘটার অভিযোগ তুলে রাজধানী লিমায় বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তারা প্রেসিডেন্ট মেরিনোকে মেনে নিতে অস্বীকৃতিও জানায়।

বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে অন্তত দুই শিক্ষার্থীর নিহত এবং আহত হন অনেকে। ঘটনার পরে মেরিনোর ওপর পদত্যাগের চাপ তৈরি হয়।

ইত্তেফাক/টিআর