বিবিসি
চীনে নদীতে পড়ে যাওয়া এক ডুবন্ত নারীকে তত্ক্ষণাত্ পানিতে নেমে টেনে তুলে বাঁচিয়ে ‘হিরো’ হয়ে উঠেছেন ৬১ বছর বয়সি এক ব্রিটিশ কূটনীতিক। চীনের চংকিং এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
৬১ বছর বয়সি ব্রিটিশ কনসাল-জেনারেল স্টিফেন এলিসন নদীর ধার দিয়ে হেঁটে কাছেই একটি গ্রামে যাচ্ছিলেন। আর তখনই পাথরে পা পিচলে ২৪ বছর বয়সি এক নারী নদীর গভীর পানিতে পড়ে যান। ভিডিও ফুটেজে দেখা গেছে, ঐ সময় নদীতে প্রচণ্ড স্রোতের মধ্যে ঐ তরুণী নিজেকে ভাসিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করতে করতে একটি সেতুর নিচে তলিয়ে যায়। একটু পরই তাকে মুখ ডোবানো অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। মনে হচ্ছিল তিনি অচেতন হয়ে পড়েছেন। তাকে বাঁচাতে কূটনীতিক এলিসন তত্ক্ষণাত্ পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে তীরে তুলে আনেন। ঐ তরুণীর নাম জানানো হয়নি।
উদ্ধারের ঘটনা বর্ণনায় এলিসন বিবিসিকে বলেন, ‘তিনি (তরুণী) অচেতন ছিলেন এবং নিঃশ্বাস নিতে পারছিলেন না। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো খারাপ কিছু ঘটে যেতে পারত। কিন্তু আমরা পাড়ে ওঠার পর তিনি আবার শ্বাস নিতে শুরু করেন।’ ২৪ বছর বয়সি ঐ তরুণী চীনের উহান থেকে চংকিংয়ে এসেছিলেন। চংকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। এমন দুর্ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছে; সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। প্রাণ বাঁচানোর জন্য ব্রিটিশ কূটনৈতিক এলিসনের কাছে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।