কাশ্মীরে বিদেশি শক্তিকে ডাকছে বিজেপিবিরোধীরা -অমিত শাহ

বিষয়টি হাস্যকর বলে পালটা মন্তব্য মেহবুবার

বন্দিদশা কাটিয়ে ফেরার পর থেকেই ৩৭০ ধারা ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন কাশ্মীরের রাজনীতিকরা। সেই দাবি নিয়েই আসন্ন জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। তাদের এই অবস্থানকে জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস এবং উপত্যকার বিজেপিবিরোধীরা কাশ্মীরে বিদেশি শক্তিকে নাক গলাতে আহ্বান জানাচ্ছে। বিষয়টিকে হাস্যকর বলে পালটা মন্তব্য করে উড়িয়ে দিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। —আনন্দবাজার পত্রিকা। আগামী ২৮ নভেম্বর সেখানে নির্বাচন। গত বছর কেন্দ্রীয় সরকার বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং উপত্যকাকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর এই প্রথম নির্বাচন হচ্ছে সেখানে। তা নিয়ে সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কংগ্রেস এবং উপত্যকার বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলোকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। কাশ্মীরের বিশেষ অধিকার রক্ষায় ‘গুপকার ঘোষণাপত্র’-এ স্বাক্ষরকারী ঐ দলগুলোকে ‘গুপকার গ্যাং’ বলে কটাক্ষ করেন তিনি। এদিন নিজের টুইটারে অমিত শাহ লেখেন, ‘গুপকার গ্যাং বিশ্বায়নের পথে হাঁটছে। তারা চায়, জম্মু ও কাশ্মীরে বিদেশি শক্তি নাক গলাক। অমিত শাহের এই মন্তব্যের বিপরীতে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিষয়টি হাস্যকর উল্লেখ করে বলেন, এটা তাদের পুরোনো অভ্যাস। আগে বিজেপি বলত, টুকরো টুকরো গ্যাং ভারতে সার্বভৌমিকতার পক্ষে বিপজ্জনক, এখন আবার গুপকার গ্যাং নিয়ে পড়েছে। আমাদের দেশদ্রোহী হিসেবে তুলে ধরতে চাইছে। বিজেপির মুখে এমন মন্তব্য হাস্যকর—কারণ প্রতিদিন, প্রতি মুহূর্তে সংবিধান লঙ্ঘন করে ওরা’।