গাজীপুর ভোগরা বাইপাস মোড় থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ পর্যন্ত ঢাকা বাইপাস সড়কের দুপাশে ঢাকা বন বিভাগ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেছে। সামাজিক বনায়নের প্রকল্পে ৮টি চুক্তিনামায় ৪৮৭ জন উপকারভোগী সদস্য নিয়োগ করা হয়েছিলে। সদস্যপ্রতি ২০০ গাছ করে প্রায় ৯৮ হাজার চারা লাগিয়ে বাগান সৃজন করা হয়। ঢাকা বাইপাস সড়কে রাস্তার উন্নয়নমূলক কাজ করা হবে। রাস্তা ৪ লেন করতে ২০১৫ সালে অপ্রাপ্ত বয়স্ক গাছ কাটা হয়। টেন্ডারের মাধ্যমে বিক্রিত গাছের মূল্যের লভ্যাংশ উপকারভোগী ৫৫ শতাংশ, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ৫ শতাংশ, সড়ক ও জনপথ বিভাগ ২০ শতাংশ, পরবর্তী বাগান সৃজনের জন্য ১০ শতাংশ টিএফএফ ও বন বিভাগ ১০ শতাংশ পাবে। ত্রিপক্ষীয় চুক্তির শর্তে বন বিভাগ বিতরণ করার কথা থাকলেও করেনি, কোনো অগ্রগতিও নেই। মৌচাক, গাজীপুর সদর ও ঢাকা মহাখালী বিভাগীয় কার্যালয়ে বিভিন্ন সময় ঘোরাঘুরি করে হয়রান পেরেশান হয়েছেন অনেকে। এই বিষয়ে ঢাকা বন বিভাগের কর্মকর্তারা বলেছেন প্রত্যেকটি চুক্তিনামার সব সদস্যকে একত্রিত হয়ে যথাযথ কাগজপত্র জমা করা হলে চেকের মাধ্যমে টাকা দেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জের মধ্যে পড়েছে উপশহর। বিক্রি হয়েছে রাস্তার পাশের জমিজমা। উপশহর হওয়ার ফলে সৃজিত বাগানের সদস্যরা জায়গা ছেড়ে গেছেন। জমি হুকুম দখল করলে সদস্যরা দূর-দূরান্তে চলে যান। অনুরূপ গাজীপুর সিটি করপোরেশন ঢাকা বাইপাস সড়কের পাশ দিয়ে শিল্প কলকারখানা হচ্ছে—ফলে অনেকেই জায়গা পরির্বতন করেছেন। কাজেই চুক্তিনামা অনুসারে একত্রে সব সদস্যের কাগজপত্র সংগ্রহ ও সঠিক তথ্যাদি ও ব্যক্তি শনাক্ত সংগ্রহ সম্ভব নয়। অনেক সদস্য খুঁজে পাওয়া যাবে না। বন বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, যেহেতু ২০০ চারাগাছ প্রত্যেক সদস্যকে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের স্থায়ী-অস্থায়ী ঠিকানা ও মনোনীত নমিনি লিপিবদ্ধ করেছেন, সেই হিসাবে প্রত্যেক সদস্য নিজ নিজ নাম-ঠিকানা পেশ করলে তাকে তার অংশ পরিশোধ করা যেতে পারে। সেজন্য প্রতিটি চুক্তিনামার মোট বিক্রিত টাকার পরিমাণ, উপকারভোগীর লভ্যাংশ, স্থানীয় সরকারের অংশ, টিএফএফ ও বনবিভাগের অংশ, চুক্তিনামার কপি যুক্ত করে গাজীপুর সদর নার্সারি বিড অফিসার ও মৌচাক রেঞ্জ কর্মকর্তা বিভাগীয় কার্যালয়ে দিলে এবং উপকারভোগীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলেই দেওয়া যেতে পারে। অন্যথায় কেউ পাবে না লভ্যাংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক