করোনামুক্ত মাহমুদউল্লাহই খুলনার অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার

দুই সপ্তাহেই করোনা ভাইরাসের সঙ্গে লড়াইটা জিতে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ফেসবুকে নিজেই এই সুখবরটা জানিয়েছেন তিনি। সোমবার রাতেই করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক। গত ৬ নভেম্বর করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পেয়েছিলেন মাহমুদউল্লাহ, যার কারণে মুলতান সুলতানের হয়ে পিএসএলের প্লে অফ খেলতে যেতে পারেননি তিনি।

করোনামুক্ত হয়ে এখন বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলতে মুখিয়ে মাহমুদউল্লাহ। গতকাল এই টুর্নামেন্টে জেমকন খুলনা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে জেমকন খুলনা। একই দলে আছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই অলরাউন্ডার খেলবেন মাহমুদউল্লাহর নেতৃত্বে। প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ গ্রেডের এ দুই ক্রিকেটারকে দলে নিয়েছিল খুলনা।

খুলনা দলটির সঙ্গে মাহমুদউল্লাহর সম্পর্ক বেশ পুরোনো। বিপিএলে টানা তিন বছর দলটির নেতৃত্বে ছিলেন তিনি। খুলনা টাইটান্স ম্যানেজমেন্টই বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার মালিক। এবারও মাহমুদউল্লাহর ওপর আস্থা রেখেছে তারা।

নেতৃত্ব পেয়ে খুশি মাহমুদউল্লাহ গতকাল বলেছেন, ‘আমি গতকাল করোনা নেগেটিভ হয়েছি। তাই আমি মাঠে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার ওপর ভরসা করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার নেতৃত্ব দেওয়ায় আমি জেমকন খুলনার মালিক কাজী এনাম আহম্মেদকে এবং ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে জেমকনের সম্পর্ক রয়েছে। বিপিএলে আমি গত তিন বছর ধরে খুলনা টাইটানসের হয়ে খেলেছি। তাই তাদের সঙ্গে ফেরাটা সব সময়ই মধুর। আমার কাছে মনে হয় এটা আমার ঘরের দল।’

জেমকন খুলনা 

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল আমিন, এনামুল হক বিজয়, শামীম পটোয়ারী, আরিফুল হক, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।