এক টেস্ট কমানোর অনুরোধ উইন্ডিজদের

স্পোর্টস রিপোর্টার

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজই বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ। এরপর করোনা ভাইরাসের কারণে লম্বা বিরতি পড়েছে। প্রায় ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ নিশ্চিত হয়েছে বলেই গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তার তথ্য অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ঢাকায় আসবে উইন্ডিজরা।

যদিও গতকাল সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, সিরিজের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কোভিড ম্যানেজমেন্ট পরিকল্পনা নিয়ে দুই বোর্ড কাজ করছে। তবে সিরিজে একটি টেস্ট কমে যাচ্ছে।

গতকাল জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘সিরিজ তো নিশ্চিত। তারিখ নিশ্চিত হয়নি। ৭ জানুয়ারি আসছে, এটা এখনই বলা যাবে না। আমরা এখন মেডিক্যাল প্ল্যান নিয়ে কাজ করছি। কোভিড ম্যানেজমেন্ট প্ল্যান নিশ্চিত হওয়ার পরই সফর ও অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হবে।’

এফটিপি অনুযায়ী জানুয়ারিতে এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলার কথা উইন্ডিজদের। একটি টেস্ট কমানোর অনুরোধ করেছে ক্যারিবিয়ানরা। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ওরা একটা অনুরোধ করেছে। আমরা চেষ্টা করব বেশির ভাগ ম্যাচ খেলার। তবে একটা টেস্ট কমার সম্ভাবনা বেশি।’