কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
কালকিনিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসি ও মাস্ক না পরায় একটি সেলুনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ও কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী কর্মকর্তা নিজে মাইকিং করে সকল প্রকার মানহীন মেয়াদোত্তীর্ণ ওষুধ বর্জনের আহ্বান ও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সবাইকে মাস্ক পরার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়া করোনাকালে এ নির্দেশ না মানা হলে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হেসেন।