সুন্দরবনের খাল থেকে নৌকাসহ ছয় জেলে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে হেতালবুনিয়া অভয়ারণ্য খালে বিনা অনুমতিতে মাছ ধরার সময় নৌকাসহ ছয় জেলেকে আটক করেছে পুষ্পকাটি বন স্টেশন অফিসের সদস্যরা। মঙ্গলবার ভোরে পুষ্পকাটি স্টেশন কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে বনকর্মীরা এ অভিযান চালায়।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় গোপন খবরের ভিত্তিতে নিষিদ্ধ এলাকা থেকে একটি নৌকা, জাল ও ১২০ কেজি মাছসহ ছয় জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।