উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
দুই পেঁয়াজ ব্যবসায়ীকে পিটিয়ে একজনকে হত্যা করে ছিনতাইকারীরা ৩৬ বস্তা পেঁয়াজ বোঝাই ট্রাকসহ পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। ব্যবসায়ীদের মধ্যে নুর মোহাম্মাদ (৩৮) মারা গেছেন। আহত হয়েছেন অপর পেঁয়াজ ব্যবসায়ী সামছুল হক। এদের দুই জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। পুলিশ মঙ্গলবার ভোরে উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের পাশে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশ থেকে নুর মোহাম্মাদের লাশ উদ্ধার করেছে।
সলংগা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, উল্লিখিত দুই পেঁয়াজ ব্যবসায়ী ঘটনার রাত ১০টার দিকে নাটোর থেকে ৩৬ বস্তা পেঁয়াজ নিয়ে অপরিচিত একটি খালি ট্রাকে পাবনার উদ্দেশ্যে রওনা হন। ঐ ট্রাকেই ছিনতাইকারীরা ছিল। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।