লেকশোর হোটেলের ভ্যাট ফাঁকি, বিপুল অবৈধ মদ উদ্ধার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর গুলশানে অভিজাত লেকশোর হোটেলে ভ্যাট ফাঁকি ধরতে অভিযান চালিয়েছে গোয়েন্দা বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রাথমিক তথ্য মিলেছে। অন্যদিকে উদ্ধার হয়েছে ৩৪৯ বোতল অবৈধ বিদেশি মদের বোতল। এসব মদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত জানুয়ারি থেকে এ হোটেল কর্তৃপক্ষ ভ্যাট রিটার্ন জমা দিচ্ছে না। অথচ প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে আগের মাসের ক্রয়বিক্রয়ের তথ্য জমা দিতে হয়। এ অভিযোগে অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির বিপুল ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন হয়। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হোটেল থেকে জব্দকৃত তথ্যাদি যাচাই চলছিল।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান ইত্তেফাককে বলেন, প্রাথমিক হিসাবে বিপুল পরিমাণ ফাঁকির প্রমাণ মিলেছে। হোটেল কর্তৃপক্ষ আগে সরকারের কাছে প্রতি মাসে গড়ে বিক্রয়ের হিসাব দেখাত ১ কোটি টাকার মতো; কিন্তু সেখান থেকে উদ্ধারকৃত নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, মাসে তাদের বিক্রির পরিমাণ ৭ থেকে ৮ কোটি টাকা। এছাড়া প্রায় ৩৫০ বোতল মদেরও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অন্যদিকে গত ১০ মাসে কোনো ধরনের রিটার্নও জমা দেয়নি। তিনি বলেন, ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করা হলেও তা হোটেল কর্তৃপক্ষ সরকারের কোষাগারে জমা দেয়নি। বিস্তারিত যাচাই শেষে ফাঁকির পরিমাণ নিরূপণ করে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হবে।