বিশ্বের অর্থোপেডিক সার্জনদের নিয়ে গঠিত অলাভজনক, সেবাধর্মী আর্ন্তজাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমাটলজির (সিকোট) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এম আমজাদ হোসেন। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি ও বর্তমানে ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক ও আর্থোপ্লাস্টি সেন্টারের চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
আন্তর্জাতিক অঙ্গনে এমন স্বীকৃতি লাভ করায় ডা. এম আমজাদ হোসেনকে ল্যাবএইড হাসপাতালের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, এই অর্জন আমার নয়, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি ও পুরো বাংলাদেশের। বিশ্বের অর্থোপেডিক সোসাইটির মধ্যে বাংলাদেশের পতাকা স্থান পেল। ভবিষ্যতে আমাদের দেশের চিকিত্সকরা আরো ভালো করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ল্যাবএইড হাসপাতালের সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. এম খামেদুল ইসলাম, চিফ কনসালটেন্ট গাইনি অধ্যাপক ডা. মেজর (অব.) লায়লা আর্জুমান (বানু), চিফ অ্যানেসথেটিস্ট অ্যান্ড হাসপাতাল ম্যানেজমেন্ট ডিরেক্টর ডা. মাহবুবুল ইসলাম, মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আসাদুল্লাহ হিল গালিব, জেনারেল ম্যানেজার ইফতেখার আহমেদ, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোনায়েম হোসেন, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক ডা. পারভেজ আহসান, ডা. সাইদুল ইসলাম, ডা. মো. খোরশেদ আলম ও ডা. ফজলুল হক কাশেম প্রমুখ।
বেলজিয়ামে অবস্থিত বিশ্বের ১১০টি দেশের অর্থোপেডিক সার্জনরা এই সংস্থার সদস্য। দক্ষ, আধুনিক ও যুগোপযোগী চিকিত্সক তৈরি করাই এ সংস্থার মূল উদ্দেশ্য। —প্রেস বিজ্ঞপ্তি