২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২৩ হাজার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শিবচর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বীজ ও সার বিতরণ করা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির পুনর্বাসন আওতায় পর্যায়ক্রমে পৌরসভাসহ উপজেলার ২১ হাজার ১১৫ জন কৃষকের মাঝে চাহিদা মোতাবেক গম, সূর্যমুখী, চিনাবাদাম, সরিষা, মসুর, খেসারী, টমেটো ও মরিচের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে। আর প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভাসহ উপজেলার ১ হাজার ৯৪০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধান, গম, চিনাবাদাম, সরিষা, ভুট্টা, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ ও পেঁয়াজের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে।
ইত্তেফাক/এএএম