মাত্র ছয় মাস সাজাভোগের ভয়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি গত ১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে বিট পুলিশিংয়ের পরামর্শে স্বেচ্ছায় থানায় এসে আত্মসর্মপণ করেছেন তিনি। গত সোমবাম বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নজরুল উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ জানায়, নজরুল ইসলাম ২০০৪ সালে একটি চুরির মামলায় আদালতের মাধ্যমে ছয় মাসের সাজাপ্রাপ্ত হন। ঐ সাজা খাটার ভয়ে তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়িয়েছেন। ফেনীতে আত্মগোপনে থাকার সময় তিনি দিনমজুরের কাজ করতেন। সেখানে দ্বিতীয় বিয়েও করেন। তার ঐ সংসারে ১৪ বছর বয়সের এক কন্যাসন্তান রয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘পুলিশ দেখলেই ভয় লাগত। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-সন্তানকে দেখতে না পেয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি। মন কাঁদলেও ভয়ে এলাকায় আসার সাহস পাইনি।’ নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে তার পরিবারকে বোঝাতে সক্ষম হওয়ায় নজরুল ১৬ পর বছর স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন।