সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, তার দেশ পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে। তিনি বলেন, ইরানকে যদি পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে সরানো না যায় তাহলে সৌদি আরবকেও বিকল্প চিন্তা করতে হবে। খবর আলজাজিরার
পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বার্তা সংস্থা ডিপিএ নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকলে অন্য দেশও একই পথ অনুসরণ করবে। আমরা স্পষ্ট করেই বলছি, দেশের জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষায় সরকার সবকিছুই করবে। তিনি বলেন, ইরানকে চাপ না দিয়ে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ থেকে সরানো যাবে না। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে আন্তর্জাতিক পরমাণু চুক্তি করেছিলেন। চুক্তির বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ওবামার নীতি অনুসরণ করে পরমাণু চুক্তিতে আবার ফিরে যাওয়ার কথা বলে আসছেন। এই প্রসঙ্গে আল-জুবায়ের বলেন, আগামী মার্কিন প্রশাসন কী করে তা দেখতে হবে।