যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের কারণে সার্বিক ক্ষতি হ্রাস করতে করোনা-বিষয়ক প্রণোদনা তহবিল পাশ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রশাসনের কাজে বাধা প্রদান অব্যাহত রাখলে করোনায় আরো মানুষের মৃত্যু হতে পারে। খবর বিবিসি ও সিএনএনের
ডেলাওয়ারে এক ভাষণে বাইডেন বলেছেন, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় সমন্বয় দরকার। নিজের পরাজয় মানতে ট্রাম্পের অস্বীকৃতিকে চরম দায়িত্বজ্ঞানহীন আখ্যায়িত করেছেন বাইডেন। তিনি বলেন, সিনেটের উচিত ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের প্রণোদনা প্যাকেজ পাশ করা। এর ফলে ফেডারেল ও রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নিতে পারবে। তবে সিনেট প্রতিনিধি পরিষদ তিন ট্রিলিয়ন ডলারের প্যাকেজ পাশ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
বাইডেনের সংগ্রহে এখন পর্যন্ত ৩০৬ ইলেকটোরাল ভোট আছে, যদিও সরকার গঠনে দরকার ছিল ২৭০। তবে ট্রাম্প সোমবারও টুইট করেছেন, ‘আমি নির্বাচনে জিতেছি।’ গত ৩ নভেম্বরের নির্বাচন নিয়ে ট্রাম্পের নির্বাচনি শিবির থেকে একের পর এক মামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নানা রাজ্যে। নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সম্পর্কিত প্রক্রিয়া যে প্রতিষ্ঠান করে থাকে, সেই জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) এখনো জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়কে স্বীকৃতি দেয়নি। ফলে তারা এখনো স্পর্শকাতর তথ্য বা গোয়েন্দা ব্রিফিং পেতে শুরু করেননি। বাইডেনের সহকারীরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্পের অংশগ্রহণে অস্বীকৃতির কারণে করোনা ভাইরাসের টিকা বিতরণের কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বাইডেনের টিম অংশ নিতে পারছে না। সোমবার বাইডেন সতর্ক করে বলেছেন, ‘আমরা সমন্বয় না করলে আরো মানুষ মারা যেতে পারে।’ দেশ জুড়ে টিকা বিতরণকে একটি বড় কর্মযজ্ঞ আখ্যায়িত করে তিনি বলেন, যদি তার প্রশাসনকে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং ততদিন যদি এই বিতরণ কর্মসূচি শুরু হতে না পারে, তাহলে তারা অন্তত এক মাস পিছিয়ে যাবেন। ওদিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ট্রাম্পের পরাজয় স্বীকার না করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা কোনো খেলা নয়।’ তিনি সব আমেরিকানকে বিশেষ করে জাতীয় নেতাদের নির্বাচন প্রক্রিয়াকে সম্মান করা ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
পরাজয় মানতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে?
বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরও পরাজয় স্বীকার করতে রাজি নন ট্রাম্প। তিনি একাধারে নির্বাচনে কারচুপির দাবি করে আসছেন এবং আরো আইনি লড়াইয়ের হুমকি দিচ্ছেন। যদিও দিনে দিনে উভয় দল থেকেই তার ওপর চাপ বাড়ছে। সোমবার রিপাবলিকানরাই কয়েকটি রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করছেন। রাজ্যগুলো হলো মিশিগান, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। এসব রাজ্যে বাইডেন জয় পেয়েছেন। মিশিগানের শীর্ষ রিপাবলিকানরা ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। উইসকনসিনের নির্বাচন কমিশন সোমবার বলেছে, ট্রাম্প যদি চান, তাহলে তার শিবিরকে ঐ রাজ্যে ভোট পুনর্গণনার জন্য ৮ মিলিয়ন ডলার শোধ করতে হবে।