‘ক্যামেরা বাইরে রেখে আসেন, পরে কথা বলব’

ক্যামেরা নিয়ে রুমে প্রবেশ করা যাবে না। ক্যামেরা বাইরে রেখে  ভেতরে আসেন। অনিয়মসংক্রান্ত বিষয়ে বক্তব্য জানতে গেলে সংবাদকর্মীদের এমনটাই জানান ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান। তার এমন আচরণে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরা।

মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনে ফরিদপুর জেলা সদর থেকে যমুনা টেলিভিশন, এটিএন বাংলা, বৈশাখী টিভি, আরটিভি, বাংলা টিভি, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোশাডাঙ্গা গ্রামে যান। সেখানে আড়িয়াল খাঁ নদী খননে উত্তোলিত বালু ব্যবস্থাপনায় অনিয়মের তথ্য পান তারা। এ বিষয়টি নিয়ে সরকারি বালু ও মাটি ব্যবস্থাপনা উপজেলা কমিটির প্রধান হিসেবে নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে তার কার্যালয়ে যান সাংবাদিকরা। এ সময় তারা ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেও ক্যামেরা বাইরে রেখে আসার জন্য বলেন। সাংবাদিকরা ক্যামেরা কোথায় রাখব, কার কাছে রাখব জানতে চাইলে তিনি বলেন, ক্যামেরা বাইরে রেখে আসেন, পরে কথা বলব। সাংবাদিকরা তাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা।

এ বিষয়ে জেলা প্রশাসক অতুল সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি তিনি দেখবেন, কেন এমন হয়েছে।

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান এর আগে রাতের বেলা নিজ বাসভবনে শটগানের গুলি ছুড়ে দেশ জুড়ে আলোচিত হন।