করোনা পরিস্থিতি

সরাসরি ভাইভা পরীক্ষা নেওয়ার দাবি শিক্ষানবিশ আইনজীবীদের

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় এমসিকিউ উত্তীর্ণদের সরাসরি ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইপূর্বক অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা। এই দাবিতে গতকাল মঙ্গলবার বিকালে আইনমন্ত্রী আনিসুল হকের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। রাজধানীর বনানীস্থ আইনমন্ত্রীর বাসভবনের সামনে এ অবস্থান কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। উদ্ভূত সমস্যা নিরসনে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আইনমন্ত্রী।

মন্ত্রীর আশ্বাসের বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে অবস্থানকারীরা বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। এর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করে বার কাউন্সিল ব্যর্থ হয়েছে। দীর্ঘ তিন বছর পর এমসিকিউ পরীক্ষা হলেও লিখিত ও ভাইভা পরীক্ষা না নেওয়ায় আমরা কর্মহীন অবস্থায় দিনযাপন করছি। তাই করোনা পরিস্থিতিতে আমাদের বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনায় নিয়ে লিখিত পরীক্ষা মওকুফ করে ভাইভার মাধ্যমে মেধা যাচাই করে আইনজীবী সনদ প্রদান করতে হবে।