রিমান্ড শেষে কারাগারে এসআই আকবর

রায়হান হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভুঁইয়াকে সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম। পিবিআইর পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আকবরকে সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে জেলা পুলিশের একটি দল গ্রেফতার করে। ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ দাবি করে। তবে সীমান্ত এলাকার সূত্র থেকে জানা গেছে, আকবর কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে খাসিয়া পল্লিতে বসবাস করছিলেন। খাসিয়ারা কৌশলে তাকে বাংলাদেশে পাঠালে পুলিশ খবর পেয়ে আকবরকে গ্রেফতার করে। পরে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপর আকবরকে আদালতে হাজির করা হলে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নগরীর আখালিয়া নিহারিপাড়ার বাসিন্দা রায়হানকে ১০ অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। ১১ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে তার স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতনের সত্যতা পায়। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুঁইয়াাসহ চার জনকে সাময়িক বরখাস্ত ও তিন জনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর আকবর পালিয়ে গা ঢাকা দেন।