সোশ্যাল মিডিয়ায় ধারালো অস্ত্র হাতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসিন তালুকদারকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ রাসেল বলেন, মঙ্গলবার সকালে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেন মহসিন। ঐ ফোনের সূত্র ধরেই তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র্যাব। গ্রেফতারের পর মহসিনকে সিলেট র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
মহসিন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে। তিনি একসময় ব্যবসা করলেও করোনা মহামারি শুরুর পর থেকেই বেকার।
গত শনিবার রাত ১২টার দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। সম্প্রতি কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে সাকিবের উপস্থিতির কারণে তাকে কুপিয়ে হত্যার হুমকি দেন এ যুবক।
এ ঘটনায় সোমবার রাতে জালালাবাদ থানায় উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদী হয়ে মহসিন উদ্দিনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।