ভিডিও কলে ২৪ ঘণ্টা চিকিত্সার প্রতিশ্রুতিতে যাত্রা শুরু হলো ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক

ই-হেলথ প্ল্যাটফরম ‘ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু হলো। লাইভ শোয়ের মাধ্যমে এর উদ্বোধন হয়। প্রয়োজনীয় মুহূর্তে সপ্তাহের সাত দিন চিকিত্সকদের ২৪ ঘণ্টা ভিডিও কল, বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ এবং বিশেষজ্ঞ চিকিত্সকের চিকিত্সা সুবিধাসহ সারা দেশে এম্বুলেন্স, ব্লাড ব্যাংক, ওষুধ, মেডিক্যাল যন্ত্রাদি, হাসপাতাল, ক্লিনিক ও ইনটেনসিভ কেয়ার সার্ভিসের প্রতিশ্রুতি দিচ্ছে নতুন এই অনলাইন প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার সকালে এই ই-হেলথ প্ল্যাটফরম ‘ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী বলেন, করোনাকালে ট্রিটমেন্ট ডট নেটওয়ার্কের মতো এমন একটি ই-হেলথ প্ল্যাটফরম প্রতিষ্ঠা নিঃসন্দেহে সময়োপযোগী সিদ্ধান্ত।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা প্রদান করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষকে তাদের ঘরে বসে সেবা গ্রহণের সুযোগ দিতে পারলেই ট্রিটমেন্ট ডট নেটওয়ার্কের উদ্দেশ্য সফল হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, যারা হাসপাতালে গিয়ে চিকিত্সাসেবা নেওয়ার সুযোগ পান না, তাদের জন্য ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে শিশু সাংবাদিক মোহিনী পৃথুলা বলেন, করোনার কারণে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। করোনার ভয়ে অনেকেই হাসপাতালে গিয়ে চিকিত্সাসেবা নিতে ভয় পাচ্ছেন, সুতরাং ঘরে বসে স্বাস্থ্যসেবা পেতেই-হেলথ প্ল্যাটফরম ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক এখন সময়ের দাবি। সভাপতি ও ট্রিটমেন্ট ডট নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ডা. অপূর্ব পণ্ডিত সমাপনী বক্তব্য রাখেন।