বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজধানীর দারুসসালাম থানা এলাকা হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—ইউনুছার রহমান (৪০) ও নাসির (৪০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভুয়া নিয়োগপত্র, চারটি ভুয়া নিয়োগপত্রের কপি, লে. কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামের সিল ও ২০টি মূল সার্টিফিকেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গ্রেফতারকৃতরা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দেখিয়ে হাছিবুল রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আত্মসাত্ করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সোমবার একটি মামলা রুজু হয়। মামলার তদন্তভার গ্রহণ করে বাদীর দেওয়া তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার রাতে দারুসসালাম থানার বাগবাড়ির বারো আনি পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার যুবকদেরকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।