জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরে যেতে পারে না। আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই বাঙালি।
গতকাল মঙ্গলবার রাতে ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শুধু এক শ্রেণিকে ভালো রাখলে হবে না। দেশের ১৬ কোটি মানুষ যাতে ভালো থাকে, সেটা নিশ্চিত করতে হবে। এটা ছিল বঙ্গবন্ধুর একটি মূলনীতি। আর ধর্মনিরপেক্ষতা, যে আমরা সবাই বাঙালি। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান, মুসলমান, নাস্তিক আমরা সবাই বাঙালি, আমরা সবাই সমান। এ তিনটি মূলনীতি নিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। এ তিনটি ছিল বঙ্গবন্ধুর মূলনীতি। এগুলোর কোনোটিকে বাদ দিলে দেশ ‘আগাবে না’। বঙ্গবন্ধুর এই মূলনীতিকে ধারণ করে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণদের প্রতি আমি অনুরোধ করব, এ তিনটি মূলনীতি কোনো দিন ভুলবেন না। কারণ এ নিয়ে আমরা এগিয়ে যেতে পারব। এ তিনটি যদি আমরা ছেড়ে দেই, আমরা আগাতে পারব না।’
অনুষ্ঠানে তরুণ সংগঠকদের উদ্দেশে জয় বলেন, ‘প্রতিবার আপনাদের দেখে আমি অনুপ্রাণিত হই।’ তিনি বলেন, আমাদের দেশে নালিশ করার একটা সংস্কৃতি রয়েছে। কিন্তু এই তরুণরা নালিশ না করে সমাজের সমস্যা সমাধানে নিজ মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। জয় বলেন, অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ যারা এখানে পুরস্কার পেয়েছেন এবং যারা পাননি তাদের সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা সেই কাজটি করছেন। সজীব ওয়াজেদ জয় আরো বলেন, করোনা পরিস্থিতিতে যখন বিভিন্ন উন্নত দেশে মৃত্যু হার অনেক বেশি, সেখানে আমাদের মৃত্যুর হার কম। একটি মৃত্যুও অবশ্য কাম্য নয়। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ধারা এখনো উন্নতির দিকে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক উন্নত দেশ বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। কিন্তু নেতৃত্ব গুণে আমরা এখনো উন্নতি করছি।