নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে হাজার হাজার কোটি রুপি তছরুপের অভিযোগ

হাজার হাজার কোটি রুপির ‘চিনি দুর্নীতি’তে নাম জড়লো পাকিস্তানের বিরোধী নেতা নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। একই ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন ইমরান খানের বন্ধুসহ আরও তিনজন। পাকিস্তানের সর্বোচ্চ তদন্ত সংস্থা দ্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই নিয়ে মামলা রুজু করেছে। আনন্দবাজার পত্রিকা

অভিযোগের তালিকায় আরো রয়েছেন শাহবাজ শরিফের ছেলে হামজা ও সুলেমান। এছাড়া রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বন্ধু জাহাঙ্গির তারিন এবং তার ছেলে আলি তারিনেরও। তাঁদের বিরুদ্ধে আর্থিক তছরূপ, বিশ্বাসভঙ্গ, জালিয়াতিসহ একাধিক অভিযোগ রয়েছে। তারিন ও তার ছেলের বিরুদ্ধে রয়েছে ৪৩৫ কোটি রুপি তছরূপের অভিযোগ।

অন্যদিকে শাহবাজ শরিফ ও তার ছেলেদের বিরুদ্ধে রয়েছে আড়াই হাজার কোটি রুপি তছরূপের অভিযোগ। সম্প্রতি লাহোর হাইকোর্টে তারিনের জেডিডাব্লিউ সুগার মিল, ফারুকি পাল্প মিল এবং শাহবাজ শরিফের আল আরবিয়া সুগার মিলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করে এক্সচেঞ্জ কমিশন। সেখানেই প্রথম তছরূপের অভিযোগ উঠে আসে।

তারপরেই আদালত পাকিস্তানের এফআইএ-কে অভিযুক্তদের চিহ্নিত করতে নির্দেশ দেয়। আপাতত শাহবাজ শরিফ ও তাঁর ছেলে হামজা লাহোরের লোক লখপত জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সেখানও একটি অর্থ তছরূপের মামলা ঝুলছে তার বিরুদ্ধে।