শায়েস্তাগঞ্জে মাদক বিক্রেতাসহ আটক ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক নারী মাদক বিক্রেতা ও আরেক মাদকসেবীকে আটক করে জরিমানাসহ কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার মুচিপট্টি থেকে তাদেরকে আটক করা হয়েছে।

জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম দাউদনগর বাজার এলাকার মুচিপট্টিতে অভিযান চালিয়ে মৃত সোনাই রবিদাশের স্ত্রী স্বরস্বতি রবিদাস (৪০) ও উপজেলার লেনজাপড়া গ্রামের তরমুজ আলীর ছেলে হেলাল মিয়াকে (৩৫) আটক করেন। পরে উভয়কে ১৫ দিনের কারাদণ্ড ও নারী মাদক ব্যবসায়ীকে ৫শ টাকা এবং মাদক সেবনকারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজার মুচিপট্টিতে অভিযান চালিয়ে স্বরস্বতি রবিদাসকে ৩৬০ পুরিয়া গাঁজাসহ ও মাদক সেবনকারী হেলাল মিয়াকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উভয়কে ১৫ দিনের কারাদণ্ড ও নারী মাদক ব্যবসায়ীকে ৫শ টাকা ও সেবনকারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস হয়েছে।

ইত্তেফাক/কেকে