সাতক্ষীরার শ্যামনগরে ৫ নং কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ওই ইউপি আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামীরা হলেন, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বাবলু মোল্যাসহ একই ইউনিয়নের আব্দুল লতিফ, ফজলু মোল্যা, আবুল কালাম, আবু দাউদ সরদার, শাহিনুর সরদার, আবু বক্কর, আব্দুর রশিদ মোল্যা, সোহাগ হোসেন, আজিজুল ইসলাম ও সলেমান সরদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের সঙ্গে বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আসামী কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের দীর্ঘদিনের শত্রুতা ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর সন্ধ্যার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ঢুকে আসামীরা বোরখা পরে দলবদ্ধভাবে আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে হামলা করে। এতে চেয়ারম্যান ঘটনাস্থলে গুরুতর আহত হয়।
আরও জানা যায়, স্থানীয়দের ডাক চিৎকারে লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা চেয়ারম্যানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক চৌধুরী উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন আছেন চেয়ারম্যান আব্দুর রহিম।
আরও পড়ুন: রামেক হাসপাতালে তিন নারীসহ ১৮ দালাল আটক
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
ইত্তেফাক/আরআই