সাব্বির নাসিরের অফিসিয়াল মিউজিক্যাল ফিল্ম
সময়টা ১৯৪৬ সাল। একদিকে ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী সংগ্রাম, অন্যদিকে দাঙ্গা। এই আন্ডারগ্রাউন্ড আন্দোলনে জড়িয়েপড়া ছেলেকে বাবা কলকাতা থেকে ফিরিয়ে এনেছেন বিয়ে দিতে চান বলে। কিন্তু ছেলের মাথায় তখন আন্দোলনের ভূত। তবুও বিয়ে হয়ে যায়। এই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সাব্বির নাসিরের গাওয়া ‘আমারে দিয়া দিলাম তোমারে’ শিরোনামের গানটির অফিসিয়াল মিউজিক্যাল ফিল্ম। সাব্বির নাসিরের গাওয়া, ওমর ফারুক বিশালের লেখা এবং মুরাদ নূরের সুরে গানটির অফিসিয়াল ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এর আগে গানটির স্টুডিও ভার্সন সাব্বির নাসিরের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানের কিছু অংশ ‘আদা সমুদ্দুর’ নাটকে ব্যবহার করা হয়েছে। গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর এবার প্রকাশ পেল গানটির অফিসিয়াল মিউজিক্যাল ফিল্ম। সম্প্রতি এটি সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানের মডেল হিসেবে কাজ করেছেন আবু হুরায়রা তানভীর ও পুনম হাসান জুঁই। মানিকগঞ্জে এর শুটিং হয়েছে। সাব্বির নাসির বলেন, গানটি শ্রোতারা আগেই শুনেছেন এবং প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। তাই এবার শ্রোতা-দর্শকের জন্য প্রকাশ করা হলো এই গানের অফিসিয়াল মিউজিক ভিডিওটি। শাহরিয়ার পলক সুন্দরভাবে এটি নির্মাণ করেছেন। আশা করি, সকলের পছন্দ হবে।