সাকিবের নিরাপত্তায় বিসিবির গানম্যান

স্পোর্টস রিপোর্টার

সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া সিলেটের মহসিন তালুকদারকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে র্যাব। তার পরও সামগ্রিক ঘটনাপ্রবাহে বাঁহাতি এই অলরাউন্ডারের নিরাপত্তা শঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। বিষয়টি অনুধাবনে কালবিলম্ব করেনি বিসিবিও। গতকালই সাকিবের নিরাপত্তায় নিজেদের নিয়োগপ্রাপ্ত এক গানম্যানকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

গতকাল মিরপুর স্টেডিয়ামের মূল মাঠ ইনডোরে যাতায়াতের সময় এই ক্রিকেটারের সঙ্গে ছিলেন বিসিবির গানম্যান। এমনকি মাঠ থেকে বাসা পর্যন্ত সাকিবকে সঙ্গ দেবেন তিনি। জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, আমরা সাকিবের জন্য একজন নিরাপত্তাকর্মী (মোহাম্মদ মোতালেব) নিয়োগ দিয়েছি। তার নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাকিবের জন্য নতুন কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বিদেশি কোচদের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত তিন সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তাদের একজন জনৈক মোহাম্মদ মোতালেবকে সাকিবের নিরাপত্তার বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া বর্তমানে ঢাকায় নেই বাংলাদেশ জাতীয় দলের বিদেশি কোচরা।

সম্প্রতি কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ এবং সেখানে হাজির হয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব। এজন্য তাকে কুপিয়ে হত্যার হুমকি দেন সিলেটের মহসিন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছিল তুমুল সমালোচনা। পরে নিজের ইউটিউব চ্যানেলে এসে ক্ষমা চেয়েছিলেন সাকিব।

সাকিবকে দেওয়া হুমকির ঘটনা উদ্বেগজনক বলেই মনে করেন বিসিবির প্রধান নির্বাহী। এক্ষেত্রে বিসিবির করণীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল মিরপুর স্টেডিয়ামে নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন কোনো ধরনের বিষয় কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাত্ক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট যারা, তাদের বলেছি। তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিচ্ছে।’

বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন সাকিব। গতকালও মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছেন তিনি। শুরুতে জিমের পর ইনডোরের নেটে ব্যাটিং করেছেন এই অলরাউন্ডার।