জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলায় ১২ জন আহত 

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীদের একটি গ্রেনেড হামলায় কমপক্ষে ১২ জন বেসামরিক লোক আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) এ গ্রেনেড হামলার ঘটনা ঘটে বলে জানায় জম্মু কাশ্মীরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তারা।

সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপাড়া চৌকের কাছে নিরাপত্তা কর্মীদের একটি দলের উপর জঙ্গিদের ছোড়া গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় বিস্ফোরিত হয় এতে কমপক্ষে ১২ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

তিনি আরো জানান, পুলওয়ামা পুরো এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঘেরাও করা সহ আক্রমণকারীদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে।

আরো পড়ুন: ট্রাম্পের কারসাজি ফাঁস করলেন সুদানের তথ্য মন্ত্রী

এই সপ্তাহের শুরুর দিকে, উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের বোমা হামলায় 'অরক্ষিত যুদ্ধবিরতি লঙ্ঘনে' সাত বছরের এক শিশুসহ কমপক্ষে চারজন বেসামরিক লোক নিহত হয়েছিলেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৪ সেনা এবং বিএসএফ জওয়ান। কাশ্মীরের এ প্রতিশোধমূলক জবাবে অন্তত ৬ থেকে ৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়।

ইত্তেফাক/এএইচপি