আজ কাতার যাচ্ছে ফুটবল দল

ডিসেম্বরে আরেকটি সিরিজ খেলবে বাংলাদেশ

 স্পোর্টস রিপোর্টার

ক দিন আগে নেপালের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ফুটবল দল। আজ বাংলাদেশ কাতারের উদ্দেশে রওনা হবে। কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচের আগে দোহায় বাংলাদেশ ফুটবল দল তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে। সেখানে গিয়ে দুটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে।

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ আয়োজন করে দারুণ খুশি বাফুফে। এ ধরনের সিরিজ ভবিষ্যতেও খেলা যায় কি না, সেই চেষ্টা করছে বাফুফে। ডিসেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলার দুই উইনডো রয়েছে। ১২ ও ১৫ ডিসেম্বর দুটি উইনডোতে বাংলাদেশ ম্যাচ খেলতে পারে। গতকাল বাফুফে সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা চেষ্টা করছে। এরই মধ্যে তিনটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানকে আমন্ত্রণ পাঠিয়েছে। তিন দেশের মধ্যে একটি দেশ নিয়ে সিরিজ হতে পারে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা এই তিন দেশের যে কোনো একটি দেশ নিয়ে সিরিজ আয়োজন করতে চাইছি।’ সোহাগ জানিয়েছেন, তিন দেশকে আমন্ত্রণ জানালেই তো তিন দেশ চলে আসবে না। যদি এমন হয় যে একাধিক দেশ আগ্রহ প্রকাশ করল, তাহলে ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজও হতে পারে।

গত মঙ্গলবার নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি টিভির পর্দায় দেখেছেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। আগের দিন করোনা শনাক্ত হওয়ায় তাকে হোটেলের রুমেই অবস্থান করতে হয়েছে। টিভির পর্দায় খেলা দেখে খুশি কোচ। জেমির অধীনে বাংলাদেশ আরেকটি সিরিজ জিতেছিল। ভুটানের বিপক্ষে। কিন্তু সেটি সিরিজ নাম ছিল না। এবারই প্রথম নেপালের বিপক্ষে সিরিজ নাম দিয়ে খেলেছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অধিনায়ক জামাল ভুঁইয়া, তপু বর্মণ, বিপলু, সুফিল, জীবন, সুমনরা ট্রফি নিয়ে আনন্দ উদ্যাপন করেছেন। কিন্তু সেখানে হেড কোচ জেমি ডে থাকতে পারেননি। তার পরও অখুশি নন কোচ। তার কথা হচ্ছে, মাত্র ২৫ দিনের অনুশীলনে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে। প্রথম ম্যাচে ২-০ গোলে নেপালকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচ ছিল গোলশূন্য। জেমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ কোনো গোল হজম করেনি। এটাও মনে রাখতে হবে, সব ম্যাচে জয় আসে না। একটা দারুণ সিরিজ উপহার দিয়েছেন খেলোয়াড়েরা।’ বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপে বাংলাদেশ, ওমান, ভারত, আফগানিস্তান ও কাতার লড়াই করছে। শক্তিশালী কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বর ম্যাচের আগে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে, সেই প্রতিপক্ষ যেন শক্ত হয়। চাইছেন জেমি। জেমি করোনা নেগেটিভ হলে কাতারে যাবেন।