জয়ে শেষ আর্জেন্টিনা-ব্রাজিলের

স্পোর্টস রিপোর্টার

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে দুই দলই। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসা পেরুকে তাদেরই মাটিতে হারিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল। অন্যদিকে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শতভাগ সাফল্য ধরে রেখেছে ব্রাজিল।

লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। গনজালেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস।

জিওভানি লো সেলসোর নিচু ক্রস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন গনজালেস। প্যারাগুয়ের বিপক্ষে ১-১ ড্র ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন তিনি। সেবার লো সেলসোর কর্নার থেকে হেডে দেশের হয়ে নিজের প্রথম গোল করেছিলেন তরুণ এই ফরোয়ার্ড।

এরপর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লেয়ান্দ্রো পারেদেসের রক্ষণচেরা পাশ ধরে গোলরক্ষককে এড়িয়ে বাঁ পায়ের গড়ানো শটে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেস।

মন্টেভিডিওতে বাংলাদেশ সময় বুধবার ভোরে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। আর্থারের গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন।

এ নিয়ে উরুগুয়ের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত রইল ব্রাজিল; আট জয় ও তিন ড্র। দলটির বিপক্ষে ব্রাজিলিয়ানরা সবশেষ হেরেছিল ২০০১ সালে, বিশ্বকাপ বাছাই পর্বে ১-০ গোলে।

চোটের কারণে ব্রাজিল দলে ছিলেন না নেইমার, ফিলিপে কৌতিনিয়ো ও ফাবিনিয়ো। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে কাসেমিরো। কোভিড-১৯-এর আঘাতে উরুগুয়েও হারায় তাদের সেরা তারকা লুইস সুয়ারেজকে। পুরো ম্যাচ তাদের অনুপস্থিতি চোখে পড়েছে বেশ।

৩৪তম মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়েও যায় ব্রাজিল। জেসুসের পাশ পেয়ে ইউভেন্তুস মিডফিল্ডার আর্থারের দূর থেকে নেওয়া শট ডিফেন্ডার জোসে হিমেনেসের পায়ে লেগে দিক পালটে জালে জড়ায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন। ছোট করে নেওয়া কর্নারের পর সতীর্থের পা ঘুরে ডি-বক্সে ক্রস বাড়ান রেনান লোদি। লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন এভারটন ফরোয়ার্ড।