খেলোয়াড় দলবদল চলছে। দেশি ও বিদেশি ফুটবলারদের রেজিস্ট্রেশন চললেও এখনো কোনো ক্লাব বাফুফেতে নাম জমা দেয়নি। তবে ক্লাবগুলো নিজেদের মতো করে কাজ এগিয়ে রাখছে। ১ নভেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দেওয়া রয়েছে। গত ফুটবল মৌসুমে পুলিশ বেশ শক্তিশালী দল গঠন করেছিল; কিন্তু লিগের খেলার মধ্যপথে স্থগিত হয়ে যায় করোনার কারণে। নতুন মৌসুমের খেলোয়াড় সংগ্রহের কাজ করছে ক্লাবগুলো। পুলিশ দুই জন বিদেশি ফুটবলার দলে নিয়েছে। আইভোরি কোস্টের ডিফেন্ডার ল্যানকিন তোরে ও ফরোয়ার্ড বাল্লো ফামুসাকে নিয়েছে পুলিশ। ল্যানকিন সর্বশেষ খেলেছেন ব্রাদার্স ইউনিয়নে। শেখ জামালে খেলেছেন বাল্লো ফামুসা। সে বার হ্যাটট্রিকসহ ১১ গোল করেছিলেন বাল্লো ফামুসা।