বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

এএফপি ও এপি

ইরাকের রাজধানী বাগদাদে গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে মঙ্গলবার রাতে রকেট হামলা হয়েছে। ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার কয়েক ঘণ্টা পরই এই হামলা হলো।

ইরাকি সেনাবাহিনীর তথ্যমতে, বাগদাদের অতিসুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে চারটি রকেট পড়েছে। এই গ্রিন জোনেই মার্কিন দূতাবাসসহ অন্যান্য বিদেশি মিশন অবস্থিত। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর তিনটি রকেট। এতে এক মেয়েশিশু নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ জন। তারা বেসামরিক লোকজন। ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাতটি রকেটই ছোড়া হয়েছে বাগদাদের পূর্বাঞ্চলের একই এলাকা থেকে। নাম প্রকাশ না করার শর্তে ইরাকি কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ঐ হামলায় কমপক্ষে দুই জন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র বলেছেন, ইরাকি গোয়েন্দারা বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি রকেট হামলার তথ্য নিশ্চিত করেছেন। ২০১৯ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকে বিদেশি দূতাবাস, সেনা ও অন্যান্য লক্ষ্যবস্তু ‘টার্গেট’ করে ৯০টির মতো রকেট ও বোমা হামলা হয়েছে। ইরাকের ইরান-সমর্থিত কট্টর গোষ্ঠীদের এসব হামলার জন্য দায়ী করা হয়। গত জানুয়ারিতে ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার কাশেম সোলেইমানি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে দেশটিতে রকেট হামলার ঘটনা বেড়ে গেছে।

উল্লেখ্য, ইরাকে এখন প্রায় ৩ হাজার মার্কিন সেনা রয়েছেন। দেশটি থেকে আড়াই হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকেও প্রায় একইসংখ্যক সেনা সরাচ্ছে দেশটি।