বিমল সাহা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
চলতি মৌসুমে (২০২০-২১) সারা দেশে ৯০ লাখ ৮১ হাজার হেক্টরে বোরোসহ শীতকালীন ফসল চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতিমধ্যেই কোনো কোনো ফসলের চাষ শুরু হয়ে গেছে। চাষিরাও ব্যস্ত শীতকালীন ফসলের চাষাবাদ নিয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ক্রপস উইং সূত্রে জানা যায়, এবার ৪৭ লাখ ৮৪ হাজার ৭১৬ হেক্টরে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে ১১ লাখ ৪ হাজার ৬৩৩ হেক্টরে হাইব্রিড, ৩৬ লাখ ৫৩ হাজার ৩৪৬ হেক্টরে উচ্চফলনশীল ও ২৬ হাজার ৭৩৭ হেক্টরে স্থানীয় জাতের বোরো চাষ করা হবে। আর বোরোর উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ৫ লাখ ৩১ হাজার ৪৭০ টন (চাল)। গত মৌসুমে (২০১৯-২০) দেশে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টরে বোরো চাষ হয়েছিল। বোরো উত্পাদন হয়েছিল ২ কোটি ১ লাখ ৮১ হাজার ৩৭৯ টন (চাল)। বাজারে ধানের দাম বেশি থাকায় চাষিরা ধান চাষে ঝুঁকছে। এ বছর গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৩৭৩ হেক্টরে। এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৫২৬ হেক্টরে। আলুর উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৭১ হাজার ১৯ টন। গত বছর ১ কোট ৯ লাখ ১৭ হাজার ৯১২ টন আলু উত্পাদন হয়েছিল। সবজির উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৭০০ টন। শীতকালীন সবজির চাষ পুরোদমে চলছে। বাজারে শীতকালীন সবজির আমদানিও বেড়েছে; কিন্তু দাম অত্যধিক চড়া।
দেশে ছোলার চাষ ক্রমাগত কমছে। বিদেশ থেকে আমদানি করে ছোলার চাহিদা মিটানো হচ্ছে। এবার ২ লাখ ৩৫ হাজার ৪৪২ হেক্টরে মুগ চাষ করে ৩ লাখ ১ হাজার ৪৬১ টন মুগ উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এ ছাড়াও ৩৭ হাজার ৯২৯ হেক্টরে মাষকলাই, ২ লাখ ৫১ হাজার ৮৬১ হেক্টরে খেসারি, ১১ হাজার ৯৭৪ হেক্টরে মটর, ৫০০ হেক্টরে অড়হর, ৪৫ হাজার ৮০৮ হেক্টরে ফেলন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এবার দেশে বারবার পেঁয়াজের ঘাটতি দেখা দিচ্ছে। পেঁয়াজের ঘাটতি মেটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁয়াজ চাষে অধিক গুরুত্ব দিয়েছে। ২ লাখ ৪৯ হাজার ৯৪০ হেক্টরে পেঁয়াজ চাষ করে ২৯ লাখ ৪৬ হাজার ৭৯২ টন পেঁয়াজ উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বাজারে পেঁয়াজের চড়া দাম থাকায় চাষিরা অধিক মাত্রায় পেঁয়াজ চাষে ঝুঁকেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের চাষ শুরু হয়েছে। তবে বাজারে পেঁয়াজবীজের চড়ামূল্য। বীজের অভাবও রয়েছে। এতে চাষ ব্যাহতের আশঙ্কা করা হচ্ছে। গত মৌসুমে দেশে ২ লাখ ৩৭ হাজার ৯৭০ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছিল। পেঁয়াজ উত্পাদনের পরিমাণ ছিল ২৫ লাখ ৬০ হাজার ৬০০ টন। শীতকালীন মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৭৭ হেক্টরে। মরিচের উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮০২ টন। ৩ লাখ ৪৪ হাজার ৭৫২ হেক্টরে ধনিয়া ও ১৩ হাজার ছয় হেক্টরে কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ৩ লাখ ৮০ হাজার ২৩০ টন ধনিয়া ও ১৪ হাজার ৬৬৮ টন কালোজিরা উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় শীতকালে আমাদের দেশে বেশি ফসলের চাষ হয়ে থাকে। সব ধরনের কৃষিপণ্যের দাম ভালো পাওযায় চাষিরা চাষাবাদে অধিক ঝুঁকছে।