ইত্তেফাক রিপোর্ট
করোনা পরিস্থিতি থেকে অর্থনীতিতে স্বাভাবিক গতি ফেরাতে মানুষকে আর্থিক খাতে আরো বেশি হারে অন্তর্ভুক্তি ভালো ফল দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তারা বলছেন, আর্থিক অন্তর্ভুক্তি ছাড়া সমাজের প্রান্তিক শ্রেণির জন্য সামাজিক ন্যায়বিচার ও সমবণ্টন নিশ্চিত করা সম্ভব হবে না। এক্ষেত্রে দেশব্যাপী ক্ষুদ্র সঞ্চয়কে ক্ষুদ্র বিনিয়োগে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। এটি সঠিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে আলাদা একটি প্রতিষ্ঠান গঠনেরও প্রয়োজনের কথা বলেন তারা। সম্প্রতি ঢাকা স্কুল অব ইকোনমিকসের (সিএসসিই) উদ্যোক্তা অর্থনীতি বিভাগ আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে (ওয়েবিনার) তারা এসব কথা বলেন। ‘সামাজিক ব্যাংকিং এবং উদ্যোক্তা অর্থনীতি’ শীর্ষক ঐ ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসসিইর উদ্যোক্তা, অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাউস্টন ডাউনটাউনের অর্থনীতির অধ্যাপক ড. আনিসুল এম ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারতের ফরিদাবাদ আইএমডির অধ্যাপক ড. পারুল খান্না, ড. ইয়াশিদা দুর্গা, ডিএসসিইর শিক্ষক রেহানা পরভীন, সারা তাসনীম প্রমুখ।