বুলবুলি থেকে বাঁচতে বেগুনখেতে জাল

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় বুলবুলি পাখির অত্যাচারে অতিষ্ঠ বেগুনচাষিরা। পাখিরা প্রতিদিন বেগুন খেয়ে ফেলছে। পাখির হাত থেকে ফসল বাঁচাতে চাষিরা খেতের চারিদিকে জাল টাঙিয়ে দিয়েছে। উপজেলার পশ্চিম নবনীদাস গ্রামের কৃষক ভুপেন মাস্টার ও ঝন্টু রায় জানান, বেগুনের ফলন আসতেই ঝাঁকে ঝাঁকে বুলবুলি পাখি এসে খেয়ে নষ্ট করছে ফসল। প্রতিদিন দুই থেকে তিন কেজি বেগুন নষ্ট করে পাখি। তাই খেতের চারপাশে জাল দিয়েছেন। এতে বেড়েছে তাদের উত্পাদন খরচ। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বুলবুলি পাখি বেগুনের অনেক ক্ষতি করে। এ জালের ব্যবহার প্রতিটি বেগুনখেতে করা দরকার।