মরুর সাম্মাম ফলছে গৌরনদীতে

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

সৌদি আরবসহ মরু অঞ্চলের সাম্মাম ফল ফলছে গৌরনদীতে। বাসুদেবপাড়া গ্রামের মজিবুর রহমান (৪০) এ ফল চাষ করে সফলতা পেয়েছেন। এছাড়াও তার বাগানে থাই রকমেলন ও বারোমাসি তরমুজেরও বাম্পার ফলন হয়েছে। তাকে দেখে অনেকে এখন এসব চাষে আগ্রহী হয়ে উঠছেন। তিনি জানান, গত বছর ৪২ শতক জমিতে সাম্মামসহ বিভিন্ন ফসলের চাষ শুরু করেন। চলতি বছরে বাম্পার ফলন পান। বর্তমানে প্রতি কেজি সাম্মাম ১৫০-১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা উজ্জ্বল বণিক জানান, তার এ মিশ্র কৃষি প্রকল্প বেকারদের আশার আলো দেখাচ্ছে।