ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

নড়াইলের কালিয়ায় ইব্রাহিম শেখ (২৫) নামের মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছেন মা-বাবা। বুধবার সকালে ইব্রাহিমের মা-বাবা তাকে কালিয়া থানা পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাস জেল দেন কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম শেখ উপজেলার রঘুনাথপুর গ্রামের ফরিদ শেখের ছেলে।

পুলিশ ও ফরিদ শেখ জানান, ইব্রাহিম মারাত্মক মাদকাসক্ত হয়ে পড়ায় এবং পরিবারের অবাধ্য হওয়ার কারণে তিনি তার ছেলেকে পুলিশে ধরিয়ে দেয়ার জন্য গত প্রায় এক মাস আগে কালিয়ার ইউএনওর কাছে লিখত অভিযোগ করলে ইব্রাহিম বাড়ি থেকে পালিয়ে যায়। বুধবার সকালে সে বাড়িতে আসলে মা-বাবা তাকে আটক করে কালিয়া থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে আদালত ইব্রাহিমকে ৬ মাসের বিনাশ্রম জেলের আদেশ দেন।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত ইব্রাহিমকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/বিএএফ