দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল সাত কেজি সোনা

বিশেষ প্রতিনিধি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল বুধবার সকালে দুবাই থেকে ইকে-৫৮২ বিমানে আসা এক যাত্রীর সন্দেহজনক গতিবিধি দেখে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকার বেশি মূল্যের এই স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, একটি তথ্যের ভিত্তিতে কাস্টম হাউজ টিমের কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এরই মধ্যেই সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ইকে-৫৮২ বিমানে করে আসা এক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় সাত কেজি। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।।