যুক্তরাষ্ট্রে নির্বাচনে কারচুপি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা করায় শীর্ষ নির্বাচনি কর্মকর্তা ক্রেস ক্রেবসকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটির গুটিকয়েক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তিনি একজন। এরই মধ্যে পেনসিলভেনিয়া রাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিকে ফেডারেল রিজার্ভ বোর্ডে ট্রাম্পের বিতর্কিক এক মনোনয়ন আটকে দিয়েছে সিনেট। খবর বিবিসি ও রয়টার্সের
দ্বিমত করায় শীর্ষ নির্বাচনি কর্মকর্তা বরখাস্ত
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে অত্যন্ত ভুল মন্তব্য করায় তিনি সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিসা) প্রধান ক্রিস ক্রেবসকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে হারলেও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প এবং কোনোরকম তথ্যপ্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন। তবে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত ভোটাভুটি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন নির্বাচনি কর্মকর্তারা।
ক্রেবস সম্প্রতি হোয়াইট হাউজের অসন্তুষ্টির কারণ হয়ে উঠেছিলেন। কারণ সিসার একটি ওয়েবসাইট ছিল রিউমার কন্ট্রোল বা গুজব নিয়ন্ত্রণ নামে, যেখানে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করা হতো। এর বেশির ভাগ প্রভাব পড়েছে স্বয়ং প্রেসিডেন্টের ওপরই। গত সপ্তাহেই পদত্যাগ করেছিলেন সিসার সহকারী পরিচালক ব্রায়ান ওয়ার। হোয়াইট হাউজ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
বরখাস্ত হওয়ার কিছুক্ষণ পরই ক্রেবস টুইটার বার্তায় ট্রাম্পের একটি অভিযোগ খণ্ডন করেছেন, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন যে, অনেকগুলো রাজ্যে তার ভোট বাইডেনের নামে পালটে দিয়েছে। ক্রেবস বলছেন, নির্বাচনি পদ্ধতিতে জালিয়াতির যে অভিযোগ তোলা হয়েছে, ৫৯ জন নির্বাচনি নিরাপত্তা কর্মকর্তা একমত হয়েছেন যে, আমাদের জানা মতে কোনো ঘটনাতেই এরকম অভিযোগের ভিত্তি নেই এবং প্রযুক্তিগতভাবেও সেটা সম্ভব নয়।
হোমল্যান্ড সিকিউরিটির শীর্ষ কর্মকর্তারা গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, ‘৩ নভেম্বর দেশের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন হয়েছে। সিসার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যদিও আমরা জানি, প্রমাণ ছাড়াই অনেক অভিযোগ ও নির্বাচনি প্রক্রিয়া নিয়ে ভুল তথ্যের সুযোগ আছে, তবে আমরা নিশ্চিত করে বলছি, নির্বাচনের নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে আমাদের পুরো আস্থা রয়েছে, আপনাদেরও সেটা রাখা উচিত।’ যদিও এই বিবৃতিতে কোথাও ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি। নির্বাচনের এক জন আইনি বিশেষজ্ঞের একটি টুইটের পালটা জবাব দিয়ে ক্রেবস টুইটারে লিখেছিলেন, ‘দয়া করে এমন সব টুইট শেয়ার করবেন না যেখানে ভোটিং মেশিন নিয়ে ভিত্তিহীন অভিযোগ রয়েছে, সেটা প্রেসিডেন্টের হলেও’।
পেনসিলভেনিয়ায় বাইডেনকে স্বীকৃতি
রাজ্যটিতে জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিয়ে সার্টিফিকেট দিয়েছেন কর্মকর্তারা। এই সার্টিফিকেট স্থগিত করতে আদালতে আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রাজ্যের আদালতে বিচারক ম্যাথিউ ব্রান এটা স্থগিত করতে বিব্রতবোধ করেছেন। তিনি শুনানিতে বলেছেন, এই আবেদনের অর্থ আপনি আমাকে রাজ্যের ৬৮ লাখ ভোটকে অবৈধ ঘোষণা করতে বলেছেন। আপনি কি দয়া করে বলবেন, কী হলে এই ফলাফলকে স্বীকৃতি দেওয়া যায়?
ট্রাম্পের মনোনয়ন আটকে দিয়েছে সিনেট
কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী বোর্ড যা ফেডারেল রিজার্ভ বোর্ড নামে পরিচিত। সেই বোর্ডে জুডি শেলটন নামের এক জনকে মনোনয়ন দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প যাকে নিয়ে বিতর্ক আছে। সিনেট তার মনোনয়ন আটকে দিয়েছে। রিপাবলিকান সিনেটর মিট রমনি এবং সুসান কলিনসের বিরোধিতা এবং করোনা ভাইরাসের কারণে রিপাবলিকান সিনেটর রিক স্কট এবং চাক গ্রাসলি অনুপস্থিত থাকায় ৪৭-৫০ ভোটে শেলটনের নিয়োগ আটকে যায়।