ঝালকাঠিতে সীমানা পিলার সাদৃশ্য বস্তুসহ চোরাচালান চক্রের ৮ জন আটক 

ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে পিলার সদৃশ একটি বস্তুসহ পিলার চোরাচালান চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে স্থানীয় ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা পিলার সাদৃশ্য বস্তু, ৯ টি মোবাইল ফোন ও তাদের বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সীমানা পিলার নিয়ে প্রতারণার ব্যবসা এ দেশে দীর্ঘদিনের। স্থানীয় ইদ্রিস খন্দকার এই প্রতারণার ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান এলাকাবাসী।

আটককৃতদের মধ্যে দুজন রাজাপুর উপজেলার এবং বাকি ৬ জন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এই প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন বলেও জানা যায়। 

আরো পড়ুনঃ মদ তৈরির দায়ে নারীর কারাদণ্ড

রাজাপুর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, বাইপাসমোড়ের দক্ষিণ দিকে একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে চক্রের স্থানীয় প্রধান ইদ্রিস খন্দকার সহ আটক জনকে আটক করে। 

আটককৃতরা হলেন বাড়ির মালিক ইদ্রিস খন্দকার, স্থানীয় নজরুল ইসলাম, ভোলার লালমোহন উপজেলার মেহেদী হাসান, বোরহানউদ্দিন উপজেলার মো. মহিবুদ্দিন, ঢাকার দক্ষিণখানের রতন উদ্দিন, লক্ষ্মীপুর জেলার ভবানীপুরের মিজানুর রহমান, বরিশালের হিজলা উপজেলার মাহাতাব উদ্দিন, চট্টগ্রামের বাকুলিয়া এলাকার শহিদ বিন হোসাইন। উদ্ধারকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ । 

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই আটককৃতদের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

ইত্তেফাক/এমএএম