ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীতে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত ১৩টি নাশকতার মামলায় বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তাদের এই জামিন দিয়েছে আদালত। আত্মসমর্পণ করে বিএনপির নেতাকর্মীদের করা জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ দিন বিকালে রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব আগুন দেওয়ার ঘটনায় ১৩টি মামলা করা হয়। এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, সাবেক মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের ২০০ নেতাকর্মী আত্মসমর্পণ করে হাইকোর্টে আগাম জামিন চান। আবেদনের পক্ষে আইনজীবী নিতাই রায় চৌধুরী, সালাহউদ্দিন দোলন, রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম। শুনানি শেষে হাইকোর্ট আগাম জামিন মঞ্জুরের আদেশ দেয়।
রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, বিএনপির নেতাকর্মীদের আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এই সময়ের আগে কিংবা পরে জামিনপ্রাপ্তদের মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।