পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গিলগিট বালটিস্তান আইনসভা নির্বাচনে ভোট কারচুপি করে বিজয় লুট করে নিয়েছে।গিলগিট বালতিস্তানের নির্বাচনের ফল প্রকাশের পর একটি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিলাওয়াল ভুট্টো।
সংবাদ সম্মেলনে ভোট কারচুপির অভিযোগে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার কথাও জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো ।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এলাকা গিলগিট বালটিস্তান। ওই অঞ্চলকে প্রদেশের মর্যাদা দিয়ে ২৪ আসনের আইনসভার নির্বাচন করা হয়েছে ১৫ নভেম্বর।
বেসরকারি ফলাফলে ইমরান খানের দল পিটিআই পেয়েছে ৮টি আসন। এছাড়া পিপিপি ৩ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জিতেছেন।
ভারত বলেছে, গিলগিট বালটিস্তানে নির্বাচন অনুষ্ঠান বেআইনি কাজ। পাকিস্তান ওই অঞ্চলটি জবরদখল করে রেখেছে। তাদের কোনো অধিকার নেই ওই এলাকাকে প্রদেশ মর্যাদা দেওয়ার।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে যে , বিলাওয়াল গিলগিটে এক জনসভায় বলেছেন, পিপিপির বিজয় চুরি করে নিয়ে যাচ্ছে পিটিআই। এর বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলবেন।
এদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ বলেন, দলছুট নীতিহীন লোকদের সহায়তায় গুন্ডামি আর কারচুপি করে পিটিআই জিতেছে।
ইত্তেফাক/এআর