সরকারি সড়কে প্রাইভেট গেট!

ঢাকা উত্তর সিটি করপোরেশন মিরপুর ১০, ১১, ১২ ও পল্ল­বীর রাস্তার সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশস্ত রাস্তা ও ফুটপাত নির্মিত হচ্ছে। ফলে এই এলাকায় যানবাহন চলাচল সহজ ও যানজট দূর হয়েছে। যানবাহন যে কোনো লেন-বাইলেন দিয়ে সহজেই এলাকায় ঢুকতে ও বের হতে পারছে। এতে মিরপুর প্রধান সড়কের ওপর যানবাহনের চাপও অনেক কমেছে। কিন্তু মিরপুর সাড়ে এগারো, ১২ নম্বর সেকশন ও পল্ল­বীর কতিপয় বাড়ি মালিক সমিতি সিটি করপোরেশনের সরকারি রাস্তায় গেট বানিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। যানবাহন সরাসরি যে কোনো রাস্তা দিয়ে এলাকায় প্রবেশ ও প্রধান সড়কে বের হতে পারছে না। ৬০ বা ৪০ ফিট প্রশস্ত সরকারি রাস্তা প্রাইভেট বাড়ির মালিকরা কোন যুক্তিতে গেট বানিয়ে বন্ধ করে দিয়েছেন? এগুলো তো প্রাইভেট এলাকা নয়। সরকারি রাস্তায় গেট বানানোর অনুমতি তাঁদের কে দিয়েছে? যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অনিয়ম। অবিলম্বে এসব অবৈধ গেট উচ্ছেদ করে সরকারি রাস্তা খুলে দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের প্রতি অনুরোধ করছি।

মো. আলি হায়দার, ঢাকা