আ মা দে র লে খা

বড়ো হয়ে একজন ভালো অভিনেতা হতে চাই

আমি রুদ্র মন। আমি একজন শিশুশিল্পী। আমি বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ি। আমার শখ হচ্ছে—গল্পের বই পড়া, ইংলিশ মুভি দেখা, খেলাধুলা করা ইত্যাদি। আমি বড়ো হয়ে একজন ভালো অভিনেতা হতে চাই। পাশাপাশি একজন নভোচারী হতে চাই।

করোনাকালীন লক ডাউনের সময়টা পার করেছি ঘরে বন্দি থেকে। স্কুল, শুটিং সব বন্ধ ছিল। সারাদিন ঘরে বসে কাটাতে হয়েছে। প্রথমে খুব ভালো লাগত, কারণ কোনো কাজ ছাড়া ঘরে খুব আনন্দময় সময় কাটিয়েছি। তবে আস্তে আস্তে খুব বিরক্তিকর লাগছিল চার দেয়ালের মাঝে। তাই আমার সময়টাকে আরো আনন্দময় করতে রুটিন অনুযায়ী কাজ করেছি। মায়ের সাথে অনেক প্রিয় মুহূর্ত কাটিয়েছি। কয়েকটি লাইভ শো-তে গেস্ট হিসেবে ছিলাম এবং ‘ডায়মন্ড’ নামে একটি ফেসবুক পেইজে নিজে লাইভ হোস্ট করেছি কয়েকবার। আমি ও আমার বড়ো বোন আমাদের পোষা বিড়াল মিকিকে অনেক আদর-যত্ন করেছি। গরিব-দুঃস্থদের জামাকাপড় বিতরণ করেছি। এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব থেকে বিতরণ করার টিমে থেকে সাহায্য করেছি। আম্মুর সাথে নতুন নতুন রেসিপি বানানো শিখেছি। এছাড়া নতুন নতুন চলচ্চিত্র দেখেছি, অ্যানিমেশন দেখেছি, গল্পের বই পড়েছি এবং ছবি এঁকেছি। ঘরে বসে অনেক কিছু শিখেছি। কিন্তু স্কুলের বন্ধুদের অনেক মিস করেছি। এখন শুটিং-সহ সবকিছু আগের মতো শুরু হয়েছে। আমি আগের মতো আবার শুটিং করা শুরু করেছি। তবে এখনো স্কুল বন্ধ, তাই বন্ধুদের অনেক মনে পড়ে। দোয়া করি এই করোনার ছাপ মুছে গিয়ে আগের দিনকাল ফিরে আসুক। আর না আসুক এই হতাশার বন্দি দিনগুলো। আমরা যেন আবারও নির্ভয়ে আগের মতো স্বাধীনভাবে চলতে পারি এই স্বাধীন বাংলাদেশে।